মেট্রো ২৪ নিউজ ডেস্কঃ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সংসদ সদস্য আজিজুর রহমান আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে। নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাকিল হত্যা মামলায় মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় তার সংশ্লিষ্টতা সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
গত ১৫ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন শাকিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের পাশে পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেলের আরোহীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে আহত করা হয় বলে জানা গেছে।
স্থানীয়রা শাকিলকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শাকিল গুরুদাসপুর উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া এলাকার রবিউল করিমের ছেলে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যার বিচারের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ঘটনায় তার সংশ্লিষ্টতা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

Tuesday, 27 October 2026
Published : 27 October 2026

আপনার মতামত লিখুন