পটুয়াখালীর দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় ঘটনাস্থল থেকে একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।
মঙ্গলবার ৩ নভেম্বর আনুমানিক ২টার দিকে দশমিনা রেঞ্জের চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চরহায়দার মৌজার সংরক্ষিত বন বাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগের তথ্যমতে, বন অপরাধ দমনে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এ সময় সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার অবস্থায় দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের অজুদ মাঝির ছেলে মো. শাহাবুদ্দিন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সংরক্ষিত বনাঞ্চল রক্ষা এবং বন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Tuesday, 3 November 2026
Published : 3 November 2026

আপনার মতামত লিখুন