খুলনার দিঘলিয়ার সেনহাটিতে এম এম মনিরুল ইসলাম নামের এক জামায়াত নেতার বসতঘরে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় জামায়াতের এ নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহত এম এম মনিরুল ইসলাম সেনহাটি ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরেন মনিরুল ইসলাম। এ সময় নিজের বসতঘরের দরজার সামনে পলিথিনের ব্যাগে মোড়ানো মুড়ি দেখতে পান তিনি। পরে সেটি ঘরে নিয়ে গিয়ে রাখার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘরের আসবাবপত্রে আগুন ধরে যায় এবং মনিরুল ইসলামের শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।
খবর পেয়ে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী ও পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে যান। তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা সৈয়দ রাশেদুজ্জামান বলেন, বারবার এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতির অবনতি হচ্ছে। এলাকায় নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে। গোপনে সংগঠনের কার্যক্রম পরিচালনার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটানো হতে পারে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ কুমার চৌধুরী বলেন, ‘তদন্ত না করে এ বিষয়ে কিছুই বলতে পারব না।’
Topic : আহত জামায়াত নেতা খুলনা

Tuesday, 3 November 2026
Published : 3 November 2026

আপনার মতামত লিখুন