জাকির হোসেন,বেনাপোল (শার্শা) প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় আহত হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী। এ ঘটনায় ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শিশুটি ইনামুল হাসান বিন নূর প্রি-ক্যাডেট অ্যান্ড মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী। সে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় ঢাকা থেকে বেনাপোলগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক শিশুটিকে ধাক্কা দেয় বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক বাবুল মিদ্দাকে আটক করেন। পরে বেনাপোল পোর্ট থানার সামনে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ব্যস্ত সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

Tuesday, 3 November 2026
Published : 3 November 2026

আপনার মতামত লিখুন