Print Date : 4 November 2026 ||
Published Date : 4 November 2026
বগুড়ায় অনলাইন জুয়ার চক্রে ডিবির হানা, 'মাস্টার এজেন্ট’সহ ৩ জন গ্রেপ্তার
Metro24News, Personal Correspondent ||
বগুড়া প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, মাস্টার এজেন্ট হিসেবে কাজ করা ও অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অনলাইন জুয়া ও বেটিংয়ে ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৪টা ৫০ মিনিটে একই উপজেলার মাধবকুড়ি এলাকায় নিজ বাড়ি থেকে আরও একজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর গ্রামের মো. সোহেল রানা (২৮), বৃকঞ্চি গ্রামের মো. এমরান হোসেন (২৯) এবং মাধবকুড়ি গ্রামের মো. রেজাউল করিম তানসেন (৩২)।জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, ডিবির অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহারের তত্ত্বাবধানে এসআই মো. ফেরদৌস আলীর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা মোবাইল নেটওয়ার্ক ও বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং ভার্চুয়াল মুদ্রার মাধ্যমে লেনদেনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।অভিযানকালে তাদের কাছ থেকে অনলাইন জুয়া ও বেটিংয়ের কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়।জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ ও Binance-সহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে বড় অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। এছাড়া ‘1Xbet’, ‘Mobcash’, ‘Reddy’, ‘Bybit’ ও ‘Money-go’ নামের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারের প্রাথমিক তথ্যও পাওয়া গেছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।সূত্র: জেলা গোয়েন্দা শাখা (ডিবি), বগুড়া।
Publisher & Editor: MAJEDUR RAHMAN
Copyright © Metro 24 News