Print Date : 15 October 2026 ||
Published Date : 14 October 2026
স্কুল যেতে বাঁধা হবে না দূরত্ব: বগুড়ায় নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
Sanju Roy, Staff Reporter ||
স্টাফ রিপোর্টার:"স্কুল যেতে দূরত্ব যেন বাধা না হয়" স্লোগানে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বগুড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি ফাউন্ডেশনের স্বপ্ন সারথী প্রকল্পের উদ্যোগে ১৫০ জন নারী শিক্ষার্থীকে উপহারস্বরুপ বাইসাইকেল প্রদান করা হয়েছে। স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে বুধবার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের বটতলায় এই আয়োজন হয়।এমটিবি ব্যাংকের উত্তরাঞ্চল প্রধান মো: সামিউল করিমের সার্বিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য অনুপ্রেরণা জানিয়ে তাদের হাতে বাইসাইকেল তুলে দেন বগুড়া- ৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এমপি, বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য মো. মোশারফ হোসেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শিক্ষাখাত ও তরুণ জনগোষ্ঠীর সুবিধার্থে নেওয়া সামাজিক উদ্যোগগুলোর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "দেশের ভালো ও প্রতিষ্ঠিত ব্যাংকগুলো যদি শিক্ষাক্ষেত্রে এ ধরনের উৎসাহমূলক কাজে এগিয়ে আসে, তবে তা আগামীদিনের সুশিক্ষিত সমাজ গড়ার পথকে আরও সুগম করবে।" এছাড়াও বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, "বগুড়ায় স্কুল শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং নিয়মিত যাতায়াত সহজ করতে এমটিবি ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের স্পন্সর হিসেবে যুক্ত থাকার পর এবার শিক্ষা ক্ষেত্রে এই অনুদান প্রদান করল ব্যাংকটি।" শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, নিয়মিত সাইকেল চালানোর মাধ্যমে শারীরিক ফিটনেস বজায় রাখার সুযোগ তৈরি হবে।" একইসঙ্গে অন্যান্য ব্যাংক, আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকেও সিএসআর কার্যক্রমের আওতায় এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগের লক্ষ্য ও প্রেক্ষাপট তুলে ধরে এমটিবি ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার সামিয়া চৌধুরী বলেন , এমটিবি ফাউন্ডেশন তাদের সিএসআর পলিসির আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। শিক্ষা ক্ষেত্রে তাদের অন্যতম ফ্ল্যাগশিপ প্রজেক্ট 'স্বপ্নসারথী'-র মূল উদ্দেশ্যই হলো 'স্কুলে যেতে দূরত্ব যেন বাধা না হয়'। গত তিন-চার বছর ধরে দেশের ২৫টিরও বেশি স্থানে প্রান্তিক ও অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়ে আসছে।" নারী শিক্ষার বিকাশ এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করতে ইতিমধ্যেই সারাদেশে প্রায় দশ হাজার শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। অন্যদিকে উপহারের এই বাইসাইকেল পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান কোমলমতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরাও।
Publisher & Editor: MAJEDUR RAHMAN
Copyright © Metro 24 News